উন্নয়নের সুফল পেতে আনোয়ার হোসেন মঞ্জুকে নির্বাচিত করুন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:০৩

জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সদস্য, ইত্তেফাক সম্পাদক ও পাক্ষিক অনন্যা’র প্রকাশক-সম্পাদক এবং পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে আমরা জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জু’র নেতৃত্বে আজকের মহাজোটের আদলে ঐকমত্যের সরকারে যোগ দিই। আনোয়ার হোসেন মঞ্জু তখন যোগাযোগ মন্ত্রী হন এবং দক্ষিণ অঞ্চলসহ সারা দেশে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন ঘটে। এই ধারাবাহিকতায় একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি-জেপি আবারও শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল তথা মহাজোট গঠন করে। এই নির্বাচনে আনোয়ার হোসেন মঞ্জু এবারও পিরোজপুর-২ আসনে বাইসাইকেল মার্কায় সংসদ সদস্য প্রার্থী হয়েছেন এবং তাকে আবারও নির্বাচিত করতে হবে। তিনি দক্ষিণ অঞ্চলের মানুুষকে ঐক্যবদ্ধ করে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন। এখানকার রাস্তা-ঘাট, বিদ্যুতায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত নির্মাণসহ নানামুখী কাজে তার অবদান রয়েছে। এই উন্নয়নের সুফল এলাকার মানুষ পাচ্ছে—নারী-পুরুষ নির্বিশেষে।’  

গতকাল বুধবার দুপুরে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা সদরে মানিক মিয়া কিন্ডার গার্টেন প্রাঙ্গণ মাঠে পিরোজপুর-২ আসনে (ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানি) বাইসাইকেল প্রতীকের পক্ষে এক নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তাসমিমা হোসেন এসব কথা বলেন।

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেন, ‘আজ নারীদের স্বাবলম্বী হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থার প্রচলন করেন। এরপর থেকে নারীরা তৃণমূলে সংগঠিত হওয়ার যে সুযোগ পেয়েছে তার মাধ্যমে পরিবার, সমাজ তথা রাষ্ট্রে নিজেদের অবস্থান সংহত করতে পেরেছে। নারীরা বিভিন্নভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। আজকে নারী জাগরণ দরকার, নারী শিক্ষা দরকার, শিক্ষার বিকল্প হিসেবে হাতের কাজ শিখতে হবে। বর্তমানে যে নারীবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে, তা হয়েছে শেখ হাসিনার উদ্যোগে। তিনি নারী অধিকার প্রতিষ্ঠায় আজ বিশ্বে স্বীকৃতি পেয়েছেন। নারী জাগরণের এই ধারাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। আর এ জন্য পিরোজপুর-২ আসনে (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানি) জাতীয় পার্টি-জেপি’র প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুকে নির্বাচিত করতে হবে।’ 

উপজেলা জেপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারের সভাপতিত্বে এই নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন— ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির তালুকদার রাজু, জেপি’র কেন্দ্রীয় নেতা ইউসুফ আলী আকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, জাতীয় পার্টি-জেপি’র কাউখালী উপজেলা সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী, জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, জেপির যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, যুব সংহতির কেন্দ্রীয় নেতা মনজুরুল মাহফুজ পায়েল, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, গৌরাঙ্গ সেন, মহিলা নেত্রী শাহিদা জেসমিন, আফরোজা সনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সুমন প্রমুখ। এ সময় মঞ্চে ছিলেন, উপজেলা জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন, চিরাপাড়া-পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান শেখ মোঃ শামসুদ্দোহা চাঁদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু প্রমুখ।