প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যথাযথ মর্যাদায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন

আপডেট : ১৭ মার্চ ২০২০, ২২:২৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত এবং কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বেলুন উড়িয়ে এবং কেক কেটে জন্মদিনের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষ্যে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে কর্মশালা শুরু হয়। কর্মশালায় এ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ এবং দেশ ও জাতিগঠনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তাগণ একটি উন্নততর প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতির পিতার রাজনৈতিক দর্শন এবং অর্থনৈতিক রূপরেখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তা যথাযথভাবে বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

গণভবন মসজিদের খতিবের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা/কর্মচারী অংশগ্রহণ করেন।

আইএসপিআরের

অনুষ্ঠানমালা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে ঢাকা সেনানিবাসের পুরাতন সদরদপ্তর লগ এরিয়া ভবনে গতকাল এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদের সভাপত্বিতে অনুষ্ঠানমালা সম্পাদিত হয়। বছরব্যাপী অনুষ্ঠিতব্য কর্মপরিকল্পনার অংশ হিসেবে মাসব্যাপী মুজিব চর্চার প্রথম পর্ব উপস্থাপন করা হয়। পরে, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনের ওপরে একটি তথ্য চিত্র প্রদর্শিত হয়। এছাড়া, আইএসপিআর অফিস ভবন ব্যানার ও বেলুনের মাধ্যমে সুসজ্জিত করা হয় এবং সবশেষে, জোহরের নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়। —আইএসপিআর