মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করায় দোকানিকে জরিমানা

আপডেট : ১৭ মার্চ ২০২০, ২২:২৭

ঘিওরে ভ্রাম্যমাণ আদালত

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ঘিওরে ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির জন্য ৫ হাজার টাকা জরিমানা এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রায় ৩ লাখ টাকার বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সরকারি বিল থেকে মাটি কাটার যন্ত্র রেখে পালিয়ে যায় সংশ্লিষ্ট লোকজন। 

গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘিওর পঞ্চরাস্তার মোড় এলাকায় সামাদ জেনারেল স্টোরে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখা এবং মূল্যতালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করে। এরপর পয়লা ইউনিয়নের শাইলকাই এলাকায় অবৈধভাবে মাটি কাটার সময় দুটি ভেকু ও ড্রাম ট্রাক রেখে পালিয়ে যায় চালকেরা। ভেকু ও ড্রাম ট্রাকের কিছু যন্ত্রাংশ জব্দ করে আদালত। অন্যদিকে উপজেলার শ্রীধরনগর এলাকায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রায় ৩ লাখ টাকার পরিমাণ বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।