বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিমবঙ্গেরও বন্ধু ছিলেন। তাই মঙ্গলবার জাতীয় কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হলো। শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্পিকার বিমান ব্যানার্জিও।
এর আগে সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করেন জাতীয় কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। তিনি বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তিনি এই বাংলারও বন্ধু ছিলেন। তাই জন্মদিনে বিধানসভায় তাকে শ্রদ্ধা নিবেদন করা উচিত। শুধু বলেই তিনি থেমে থাকেননি। মঙ্গলবার সকালে নিজের বাড়িতে রাখা বঙ্গবন্ধুর ছবি নিয়ে চলে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভায়। সঙ্গে ফুল। এসে অধ্যক্ষের অনুমতি চান। মমতা ব্যানার্জি তখন সেখানে বসে ছিলেন। বিষয়টি শুনে তিনি বলেন, অবশ্যই বঙ্গবন্ধুকে বিধানসভায় শ্রদ্ধা জানানো উচিত। এরপর তিনি নিজেও বিধানসভার লনে চলে আসেন। বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের উদ্যোগে সোমবার মধ্যরাতে কেক কেটে, আতশবাজি প্রদর্শন করে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের কর্মকর্তারা। মঙ্গলবার সকালে বেকার হোস্টেলের ২৪ নম্বর ঘরে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপদূতাবাস চত্বরে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে উপদূতাবাসের দেওয়ালে একটি মুরাল উদ্বোধনের পাশাপাশি বঙ্গবন্ধুর ওপর চিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যোগ দেন পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও শোভদেব চট্টোপাধ্যায়।
একই সঙ্গে এদিন উপদূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধুর ওপর নির্মিত একটি থিম সং প্রকাশ করে। এতে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, সৈকত মিত্র, জোজো মুখার্জি, সোমলতা আচার্য চৌধুরী, অনুপম রায়, আকাশ সেনের মতো কলকাতার প্রখ্যাত শিল্পীরা। গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়, সুর অশোক ভদ্রের।
