আপন আলোয় উদ্ভাসিত

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৮:০৭

অ জে য়  চৌ ধু রী

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পূর্ণিমা বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও সমান জনপ্রিয়। তাকে বহু নাটক-বিজ্ঞাপনে দেখা গেছে। আলোচিত হয়েছেন উপস্থাপনাতেও। বর্তমানে দুটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি তিনটি নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। এরইমধ্যে তিনি শুটিং শেষ করেছেন ‘কংকা রেফ্রিজারেটর’, ‘মিস্টার নুডলস’ ও ‘এক্সপার্ট ডিশওয়াশ’র বিজ্ঞাপনচিত্রের। মেসবাউর রহমান সুমনের পরিচালনায় কংকা রেফ্রিজারেটরের বিজ্ঞাপনচিত্রটি চলতি সপ্তাহ থেকে প্রচার শুরু হয়েছে। এটির জন্য বেশ প্রশংসিতও হয়েছেন এই নায়িকা। পাশাপাশি নাফিস রেজা পরিচালিত মিস্টার নুডলস ও কলকাতার সৌনক মিত্রের পরিচালনায় এক্সপার্ট ডিশ ওয়াশের বিজ্ঞাপন দুটি খুব শিগগিরই প্রচারে আসবে।

বিজ্ঞাপনচিত্রে কাজ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘দুটি সিনেমার শুটিং করছি। থেমে থেমে হচ্ছে কাজগুলো। তাই তিনটি বিজ্ঞাপনে অংশ নেওয়ার সুযোগ হলো। বিজ্ঞাপনগুলোর আইডিয়া ভালো লেগেছে। এরমধ্যে কংকা রেফ্রিজারেটরটা প্রচারে এসেছে। দারুণ প্রশংসা পাচ্ছি কাজটির জন্য। অনেকদিন পর বিজ্ঞাপন করে তৃপ্তি পেলাম।’

নতুন সিনেমা প্রসঙ্গে এই গুণী অভিনেত্রী বলেন, ‘নতুন কোনো সিনেমা নেই আপাতত। ‘গাঙচিল’ সিনেমার জন্য এই মাসে কিছু ডেট দেওয়া ছিল। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে সেগুলোও বাতিল হয়েছে। সম্ভবত আগামী মাস থেকে আবার সেটার কাজ করব। ছবিটি দর্শকদের মধ্যে ভালো লাগা উপহার দেবে। সেইসঙ্গে ‘জ্যাম’ ছবিটিও নির্মাণাধীন রয়েছে।’ নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি ছবিতে পূর্ণিমার নায়ক ফেরদৌস এবং আরিফিন শুভ।

উল্লেখ্য, জাকির হোসেন রাজুর পরিচালনায় ১৯৯৭ সালে রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। দীর্ঘ ক্যারিয়ারে পূর্ণিমা উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। রিয়াজ, রুবেল, মান্না, আমিন খান, ফেরদৌস, শাকিব খানদের মতো ইন্ডাস্ট্রির সেরা নায়কদের বিপরীতে কাজ করে সফল হয়েছেন। পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলো হলো—‘মনের মাঝে তুমি’, ‘হূদয়ের কথা’, ‘জামাই শ্বশুর’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘যোদ্ধা’, ‘ভালোবাসার লাল গোলাপ’, ‘শান্তি’ ও ‘শোভা’। ২০১০ সালে তিনি ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সেরা অভিনেত্রী হিসেবে। একজন শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে চিত্রনায়িকা পূর্ণিমা তার অভিনয় জীবনের শুরু থেকেই নানান ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করে আসছেন। নিজের পেশাগত কাজ অভিনয়ের পাশাপাশি তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে আসছেন।