একস্লিপ

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৮:০৯

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে সঞ্জিত সরকার নাট্যগুরু ম. হামিদ ও ফালগুনী হামিদের প্রোডাকশন হাউজ টেলিরিয়েল লি.-এ কর্মজীবন শুরু করেন। ছাত্র জীবন থেকেই মঞ্চ নাটকের দল নাট্যচক্রে কাজ করেন। সেই সুবাদে মঞ্চ নাটকের সম্মিলিত প্রতিষ্ঠান গ্রুপ থিয়েটার ফেডারেশন, আইটিআই’-তে কাজ করার সুযোগ পান। বাংলাদেশে প্যাকেজ নাটক শুরুর দিক থেকেই তিনি টেলিভিশন নাটকের সঙ্গে যুক্ত হন। বাংলাদেশ টেলিভিশনের প্রথম প্যকেজ নাটক প্রাচীর পেরিয়ে নাটকটির কারিগরি ব্যবস্থাপক ছিলেন। সেই থেকে শুরু। ১৯৯৭ সালে তার লেখা প্রথম একক নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়। নাটকের নাম ‘হূদয়ের ক্যানভাস’। ১৯৯৯ সালে এটিএন বাংলায় প্রচার হয় ‘পোড়ামন’। ২০০১ সালে ইমদাদুল হক মিলনের রচনায় প্রথম ধারাবাহিক নাটক পরিচালনায় আসেন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে নাটক রচনা এবং পরিচালনা করে আসছেন। তার লেখা ধারাবাহিক নাটক ‘অপরূপা’ সেই সময় অনেক হিট হয়েছিল। ২০০৪ সালে রিজওয়ান খানের রচনায় ‘সেই হাসি সেই মুখ’ ধারাবাহিক নাটক হিসাবে বেশ আলোচিত হয়। এরপর শুরু করেন মেগা ধারাবাহিক। নাটক করার ক্ষেত্রে কোনো না কোনো মানুষের সহযোগিতা প্রয়োজন হয় বলে তিনি জানান। এদিকে আরটিভির সিইও আশিক রহমান তাকে অনেক সুযোগ করে দিয়েছেন। তাই তিনি তার কাছে চিরকৃতজ্ঞ বলে জানান।