সুরের ভেলায় ভেসে

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৮:১০

তা হ মি না  মি লি

 

‘ডোন্ট স্টার্ট নাউ’ গানটি দিয়ে আবার বাজিমাত করেছেন দুয়া লিপা। বিলবোর্ড টপ চার্টে গানটি এখন শীর্ষ পাঁচে রয়েছে। ২৪ বছর বয়সী ব্রিটিশ এই তন্বী গায়িকা এর আগে তার নিজের গাওয়া গানের জনপ্রিয়তার কারণে বিলবোর্ড টপ চার্টে ঝড় তুলেছেন। পপ, সাইন পপ, আর অ্যান্ড বি, ড্রিম পপ সব ধরনের গানেই তার জুড়ি নেই। নিজেকে আরো আগেই প্রমাণ করেছেন একজন সুগায়িকা হিসেবে। গানের পাশাপাশি মডেলিংয়েও তাকে দেখা গেছে অনেকবার। গান গাওয়ার পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিতি রয়েছে তার। লন্ডনে জন্ম লিপার বাবা-মা আলবেনিয়া থেকে এসেছেন। কসভোতে থাকতেন তারা। ছোটবেলা থেকেই গান এবং থিয়েটারের সঙ্গে তার মিতালী গড়ে ওঠেছিল। বাবা ছিলেন একজন রক সংগীতশিল্পী। বাবার গান শুনতে শুনতে বড় হয়েছেন। দুয়া লিপা কিশোরী বয়স থেকে বিখ্যাত শিল্পীদের গান কভার করে ইউটিউবে পোস্ট করতে শুরু করেছিলেন। তার প্রিয় শিল্পীদের মধ্যে পিঙ্ক এবং নেলি ফুরনাটো ছিলেন অন্যতম।

দুয়া লিপার ক্যারিয়ার শুরু হয়েছিল একজন মডেল হিসেবে যদিও তিনি গায়িকা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ খুঁজছিলেন মরিয়া হয়ে। ২০১৫ সালে দুয়া লিপা তার ডেব্যু অ্যালবামের জন্য ওয়ার্নার মিউজিক গ্রুপের সঙ্গে কাজ করতে শুরু করেছিলেন। ২০১৫ সালের আগস্টে তার প্রথম সিঙ্গেল নিউ লাভ’ প্রকাশিত হয়। তার দ্বিতীয় সিঙ্গেল ছিল ‘বি দ্য ওয়ান’। একই বছরের অক্টোবরে এটি প্রকাশিত হয়েছিল। দুয়া লিপা এই গানের সুবাদে গোটা ইউরোপ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড জুড়ে ঝড় তুলেছিলেন। নিজের গাওয়া গানের ধরনকে ডার্ক পপ হিসেবে অভিহিত করেন দুয়া লিপা। বিলবোর্ড টপ চার্টে অনেকবার তার গাওয়া ঠাঁই পেয়েছে, বিভিন্ন অবস্থানে থেকেছে। দুয়া লিপার ডেব্যু স্টুডিও অ্যালবাম বের হয়েছে ২০১৭ সালে। এই অ্যালবামটির ৭ম একক নিউ রুলস তার সংগীত জীবনের প্রথম কোনো গান যে কোনো টপ চার্টের শীর্ষে উঠে এসেছে। ব্রনো মার্স এবং কোল্ড পেপ্লর সঙ্গে বিভিন্ন মিউজিক্যাল ট্যুরে গেছেন দুয়া লিপা।

একজন পরিশ্রমী মেধাবী গায়িকা হিসেবে সহশিল্পী, প্রযোজক সবার প্রশংসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছেন তিনি। ২০১৬ সালে তাকে নিয়ে আমেরিকার সংগীত সাময়িকী ‘দ্য ফেভার’ দুয়া লিপাকে নিয়ে ‘সি ইন ব্লু’ নামে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছে। সংগীত দুনিয়ায় ইয়ং আইকন হিসেবে নিজেকে তুলে ধরতে বিভিন্ন ধরনের গানে নিরীক্ষা চালিয়েছেন তিনি। দর্শক-শ্রোতা তাকে ইতিমধ্যেই প্রিয় শিল্পী হিসেবে গ্রহণ করেছে। তার ভক্ত অনুরাগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। এবার তার নতুন গান ‘ডোন্ট স্টার্ট নাউ’ ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যুক্ত করেছে বৈকি। গানের ভেলায় ভেসে আরো অনেকদূর পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখছেন দুয়া লিপা। তবে বিশ্ব সংগীতাঙ্গনে ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছেন তিনি। হয়তো সামনে আরো অনেক সাফল্যভরা চমক নিয়ে উপস্থিত হবেন দুয়া লিপা।