ফেরারি পিঙ্কির ভূমিকায়

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৮:১১

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

পরিণীতি চোপড়া সাম্প্রতিক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এর প্রতিরোধে জনসচেতনতামূলক একটি পোস্ট টুইট করেছেন। যেখানে তিনি তরুণ যুবা বৃদ্ধ নির্বিশেষে সবাইকে সতর্ক এবং সাবধানী হতে পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘করোনা ভাইরাস কেবলমাত্র বয়স্ক মানুষদের জন্যই বিপদজনক নয়। এর আক্রমণে কম বয়সীরাও প্রাণ হারাতে পারে। কোনোভাবেই নিজেকে স্মার্ট ভেবে ডেমকেয়ার ভাব নিয়ে চলাফেরা করো না, এতে নিজের বিপদ ডেকে আনতে পারো। অতএব, সাবধান। করোনা ভাইরাস থেকে নিজেকে যুক্ত রাখতে যথাসম্ভব সাবধানী হও, সতর্কতা অবলম্বন করো।’

আগামী সপ্তাহে পরিণীতি অভিনীত নতুন সিনেমা ‘সন্দীপ আউটর পিঙ্কি ফেরার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ভারতের বিভিন্ন শহরে জনসমাগম এড়াতে সিনেমা হল, শপিং মল, মার্কেট, স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। তেমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে নতুন কোনো সিনেমা হলে মুক্তি পাবে কি-না এখনই বলা যাচ্ছে না। তবে নিজের অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির প্রচারণায় নেমেছেন পরিণীতি আরো আগেই। ব্ল্যাক কমেডি ধাঁচের এ ছবিটিতে তৃতীয়বারের মতো অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসছেন বলিউডের উচ্চশিক্ষিত বিদেশি ডিগ্রিধারী সুন্দরী এই তন্বী অভিনেত্রী।

ইনভেস্টমেন্ট ব্যাংকার হওয়ার আশায় ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ট্রিপল অনার্স ডিগ্রি নিয়েছেন পরিণীতি। এই সময়ে বলিউডে তার মতো উচ্চশিক্ষিত আর কোনো নায়িকা আছেন বলে মনে হয় না। বিদেশ থেকে উচ্চশিক্ষা ও ডিগ্রি নিয়ে শোবিজে ক্যারিয়ার গড়লেও পরিণীতির মধ্যে এ নিয়ে তেমন অহমিকাভাব নেই মোটেও। বলিউডে তার শুরুটা হয়েছিল ভালোভাবেই। বিখ্যাত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশরাজ ফিল্মসে শুরুতে কর্মকর্তা হিসেবে চাকরি নিলেও একসময় তাদের প্রযোজিত সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান ‘লেডিস ভার্সেস রিকি ভেল’ ছবিতে তাকে প্রথম তিন নায়িকার একজন হিসেবে দেখা যায়। শুরুতেই দর্শক সমালোচকের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন পরিণীতি। এর মধ্যে ‘ইশকজাদে’ ছবিতে এক দুর্ধর্ষ তরুণী প্রেমিকারূপে পর্দায় উপস্থিত হয়ে বাজিমাত করেন। সেই ছবিতে অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন তিনি। জনপ্রিয় বলিউড তারকা অভিনেত্রী সাবেক মিস ওয়ার্ল্ড শিরোপাজয়ী সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া চাচাতো বোন হলেও পরিণীতি নিজের যোগ্যতায় বলিউড ক্যারিয়ার গড়েছেন। একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে বিকশিত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ২০১০ থেকে গত ১০ বছরের অভিনয় জীবনে ‘লেডিস ভার্সেস রিকি ভেল’, ‘ইশকজাদে’, ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘হাসি তো ফাঁসি’, ‘দাওয়াতে ইশক’, ‘কিল দিল’, ‘টিস্যুম’, ‘মেরি পেয়ারি বিন্দু’, ‘গোলমাল আগেইন’, ‘নমস্তে ইংল্যান্ড’, ‘কেসারি’, ‘জাবড়িয়া জোড়ি’ ছবিতে অভিনয়ের সুবাদে বলিউডের নতুন প্রজন্মের আলোচিত তারকা অভিনেত্রীর কাতারে নিয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি। পরিণীতি চোপড়াকে নিয়ে শুরুতে সবাই যেভাবে আশাবাদি হয়েছিলেন গত কয়েক বছরে ক্যারিয়ারে ক্রমাগত ফ্লপ সিনেমার ধাক্কা তাকে আগের অবস্থান থেকে অনেক নিচে নামিয়া এনেছে। ৩১ বছর বয়সী এই অভিনেত্রী গত বছর ‘কেসারি’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে নায়িকা সেজেছেন। ছবিটি ভালো ব্যবসা করলেও পরিণীতির তেমন কোনো লাভ হয়নি। সব কৃতিত্ব ছবির নায়ক অক্ষয় পেয়েছেন। এ বছর তাকে আরো দুটি নতুন সিনেমায় দেখা যাবে। এর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন নারী ব্যাডমিন্টন খেলোয়াড় শায়না নেহওয়ালের বায়োপিক ‘শায়না’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন। এ ছবিটি পরিণীতির ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

শুরুতে শ্রদ্ধা কাপুরের শায়না নেহওয়াল চরিত্রে অভিনয়ের কথা ছিল। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু একসঙ্গে অনেকগুলো সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসায় কাজের চাপ সামলাতে ‘শায়না’ ছবির কাজ ছেড়ে দেন শ্রদ্ধা কাপুর। এরপর তার জায়গায় পরিণীতি চোপড়া আসেন। এ ছবিতে অভিনয়ের জন্য তাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। ব্যাডমিন্টন খেলায় পারঙ্গম হতে নিয়মিত অনুশীলন করতে হয়েছে।