স্পোর্টস রিপোর্টার
খেলোয়াড় হিসেবে এমন কিছু হাই প্রোফাইল ছিলেন না সঞ্জয় বাঙ্গার। কিন্তু টানা পাঁচ বছর ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে বিখ্যাত হয়েছেন। আপাতত ‘বেকার’ এই সাবেক ভারতীয় ব্যাটসম্যানকে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, এখনো বাঙ্গারের নিয়োগের ব্যাপার নিশ্চিত নয়। তবে তার সঙ্গে আলাপ চলছে, এটা স্বীকার করেছেন তিনি। ভেতরের অন্য কিছু সূত্র জানিয়েছে, আগামী জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশে টেস্ট সফরের আগেই দলের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশ দলের সঙ্গে বর্তমানে ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা নীল ম্যাকেঞ্জি। যদিও তার সঙ্গে চুক্তি ছিল, তিনি শুধু সীমিত ওভারের ক্রিকেটের ব্যাটিংটা দেখবেন। তবে গত কয়েকটা সিরিজে বাড়তি দায়িত্ব হিসেবে বড়ো দৈর্ঘ্যের ব্যাটিংটাও দেখছেন তিনি। কিন্তু এটা জানা গেছে যে, ম্যাকেঞ্জি স্থায়ীভাবে টেস্টের জন্য এই দায়িত্ব চালিয়ে যেতে রাজি নন। তাই বিসিবি টেস্টের জন্য একজন ব্যাটিং কোচ খোঁজ করছে।
এর মাঝে একটা সম্ভাবনা ছিল যে, সাবেক ভারতীয় তারকা ওয়াসিম জাফর এই দায়িত্ব নেবেন। কিন্তু সেটা হচ্ছে না।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন, এখনো চূড়ান্ত কিছু না হলেও আলোচনা চলছে বাঙ্গারের সঙ্গে, ‘আমরা বাঙ্গারের সঙ্গে এ ব্যাপারে (টেস্ট ব্যাটিং উপদেষ্টা হওয়ার ব্যাপারে) আলাপ করছি। কিন্তু এখনো চূড়ান্ত কিছু নয়। এছাড়াও আমরা আরো কয়েকজনের সঙ্গে আলাপ করছি। কিছু চূড়ান্ত হয়নি।’
সুজন বলেছেন, যতদিন টেস্টের জন্য আলাদা বিশেষজ্ঞ ব্যাটিং কোচ না পাওয়া যায়, ততদিন ম্যাকেঞ্জি এই কাজটা চালিয়ে যেতে সম্মত হয়েছেন, ‘সে সাদা বলের উপদেষ্টা হলেও ম্যাকেঞ্জি লাল বলের ক্রিকেটটাও দেকভাল করবে। আমরা একজন টেস্ট বিশেষজ্ঞ ব্যাটিং কোচ না পাওয়া পর্যন্ত সে দায়িত্ব পালন করবে।’
বাঙ্গার ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কোহলি, রোহিত শর্মাদের ব্যাটিং উপদেষ্টা ছিলেন। এছাড়া তিনি ২০১৬ সালে জিম্বাবুয়ে সফর ও ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু রবি শাস্ত্রী নতুন করে কোচ নিয়োগ পেলেও গত বিশ্বকাপের পর আর বাঙ্গারের সঙ্গে চুক্তি বাড়ানো হয়নি। এখন তার বদলে ভারতীয় দলে দায়িত্ব পালন করছেন বিক্রম রাঠোর।
বাঙ্গার ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে ভারতীয় দলের হয়ে ১২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তার একটি সেঞ্চুরি ছিল।
বিসিবির একজন ভেতরের মানুষ বলেছেন, জুনে বাঙ্গারের বাংলাদেশ দলে যোগ দেওয়া একরকম নিশ্চিত।
তিনি ২০২০ সালের জুন থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১১০ দিন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন।
