এই সময়ের ছড়া
খালেদ হোসাইন
শেখ মুজিবের জন্ম হলো তাই
আকাশে বাতাসে স্বপ্নে গাঁথা সে সুন্দর দিন পাই।
শত বছরের পরাধীনতার গ্লানি
আমার মায়ের মুখ করেছিল ম্লানই—
বাঙালি ভেতো না, জাগাল চেতনা
ছাইকণা হলো আগুনের কণা তাই।
চেতনার আলো আর উত্তাপে
প্রতিবাদী এই জনপদ কাঁপে
শোষকেরা যত ঢেলেছে আঁধার
রচনা করেছে পাহাড়, বাধার
সবকিছু ছিঁড়ে এগিয়েছে বীর
নির্ভীক বুক উন্নত শির
সঙ্গে বাঙালি জনতা।
একটি আঙুল, তর্জনী তা
আর কারো নয় জাতির পিতা
এ শুধু তোমার, তার ইশারায়
জেগে উঠে সব প্রাণের সাড়ায়
ষাটের দশক—অভ্যুত্থানে
খুঁজে পায় তারা জীবনের মানে
হয় কারাগারে নয় বত্রিশে
তোমাতেই জাতি খুঁজে পায় দিশে।
৭ই মার্চের ঘোষণার পরে
আরো আলো জ্বলে প্রতি অন্তরে
পাকিস্তানিরা হামলা করে ২৫ শে মার্চ রাত্রে
বীর বাঙালিরা চিনিয়ে দিয়েছে নিজেদের কী ধাত রে।
ছিনিয়ে এনেছি স্বাধীনতা প্রিয়
মুজিব, তোমার জন্য
তুমিই তো তাই শ্রেষ্ঠ বাঙালি
তুমিই তো অনন্য।
শেখ মুজিবের জন্ম হয়েছে তাই
আকাশে বাতাসে স্বপ্নে গাঁথা সে সুন্দর দিন পাই।
