নওগাঁ-৬ আসনে বিএনপি প্রার্থী আলমগীর কবিরের সংবাদ সম্মেলন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:১১

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে নৌকা প্রতীক সমর্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রচার-প্রচারণায় বাধা, নির্বাচন ক্যাম্প ভাঙচুর ও গাড়িবহরে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রার্থী আলমগীর কবির। বুধবার  নওগাঁ শহরের মাষ্টার পাড়া তার বাসভবনে এ সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, তার নির্বাচনী এলাকায় কোনো পোস্টার ও ক্যাম্প নেই। সবগুলো ভাঙচুর ও ছিঁড়ে ফেলা হয়েছে। ৩০ ডিসেম্বর নির্বাচনের জন্য পোলিং এজেন্ট পাওয়া দুরূহ হয়ে উঠেছে। হেলমেটধারী প্রাইভেট বাহিনী যার অধিকাংশ পুলিশের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী, পুলিশ, র্যাব ও প্রাইভেট বাহিনী একত্রে হুমকি ত্রাস মারধর জখম সন্ত্রাস ভাঙচুর গ্রেপ্তার চালাচ্ছে। এমনকি ভোটের পর পর্যন্ত এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে হুমকি দেওয়া হয়েছে। নেতা-কর্মীরা পুলিশি আতঙ্কে রাতে বাড়িতে থাকতে পারছে না।

আত্রাইয়ে গণসংযোগ করে ফেরার সময় মঙ্গলবার বিকেলে রানীনগরের কাশিমপুর ইউনিয়নে দফাদার মোড়ে গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে একটি গাড়ি ভাঙচুর করে। ঘটনায় বিএনপির আটজন কর্মী আহত হয়। আহতদের মধ্যে রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সুইট, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম গুরুতর আহত হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, সেনাবাহিনীর পক্ষে কথা বলায় আমার প্রাণনাশের চেষ্টা করা হয়। আমি এখন হতাশ। মনে হয় দেশে এখন গুণ্ডা শাসনই আশঙ্কাজনকভাবে বড় হয়ে উঠেছে। নির্বাচনের কোনো পরিবেশ নেই। সরকার বিভিন্ন বাহিনীর মাধ্যমে তা নষ্ট করছে। নির্বাচনরে সুষ্ঠু পরিবেশ আর ফিরে আসবে না। হামলা-মামলা ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।