বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার মামলার সব নথি ট্রাইব্যুনাল-১-এ পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য গেজেট জারি করা হয়। ৬ এপ্রিল ঐ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রাখা হয়েছে।
গতকাল এই মামলার অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য কারাগার থেকে মামলার ২৩ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এরপরই বিচারক মামলাটি বিচারের জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠান বলে জানান অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।
প্রসঙ্গত দ্রুত বিচার ট্রাইব্যুনালে যে কোনো মামলা ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। ঐ সময়ের মধ্যে নিষ্পত্তি করা না হলে যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করে আরো ৪৫ দিন সময় নিতে পারবে আদালত। গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার আবেদন করেন আবরারের বাবা ও মামলার বাদী বরকতউল্লাহ। গত ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে নির্মম নির্যাতনে মৃত্যু হয় আবরারের। এ ঘটনায় করা হত্যা মামলায় বুয়েটের বিভিন্ন বিভাগের ২৫ শিক্ষার্থীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। এর মধ্যে ২৩ আসামি গ্রেফতার হয়ে কারাগারে আছেন। পলাতক রয়েছেন তিন জন।
