গোয়েন্দা কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
খুলনা অফিস ও ডুমুরিয়া : ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোয়েন্দা কর্মকর্তা তারিয়েফ সুনাম দীপ (৩০) নিহত ও তার বন্ধু এস এম ফাহাদ আহত হয়েছেন। গতকাল ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। তারিফ খুলনা মহানগরীর ময়লাপোতা ডালমিল মোড় এলাকার কাজী গোলাম মোর্তজার ছেলে। তিনি ঢাকায় একটি গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।
কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়া-জুড়ি সড়কে বেগমান পুর গেটের কাছে জুড়ি থেকে আসা একটি ধাবমান মোটরসাইকেলের ধাক্কায় তারামনি বিশ্বাস (৫০) নামে এক জন নিহত হন।
বরগুনা (উত্তর) : বরগুনায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক সোহাগ হোসেন (৩৩) নিহত হয়েছেন। গতকাল আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিকদার বাড়ি বাস স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। সোহাগ যশোর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
বেলকুচি (সিরাজগঞ্জ): বেলকুচিতে অটোভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী সোহেল রানা (২০) নিহত হয়েছেন। মঙ্গলবার বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কাজিপুরা সবুজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল উপজেলার তামাই কুঠিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জয়পুরহাট: গরু বোঝাই ভটভটি খাদে পড়ে কালাই উপজেলার পুনট গ্রামের আবু তালেব (৫৫) এবং একই উপজেলার রাজু আহম্মেদ (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালকিনি (মাদারীপুর): কালকিনিতে গতকাল বালুবাহী ট্রলির চাপায় হেলপার মো. লিখন সরদার (২২) নিহত হয়েছেন। লিখন পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের আনোয়ার সরদারের ছেলে।
মহেশপুর (ঝিনাইদহ): মহেশপুরে ট্রলির ধাক্কায় বাইসাইকেল আরোহী কুরবান আলীর (৫০) মৃত্যু হয়েছে। গতকাল পান্তাপাড়া বাজারের নিকটবর্তী এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার পান্তপাড়া গ্রামের বাসিন্দা।
স্টাফ রিপোর্টার, বগুড়া: ধুনটে সিএনজি চালিত অটোরিকশা-বালুবোঝাই ট্রাকের মুখোমুঝি সংঘর্ষে রেজাউল করিম (৪০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল উপজেলার শেরপুর-ধুনট সড়কের বথুয়াবাড়ি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। তিনি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার বাসিন্দা।
শেরপুর (বগুড়া): শেরপুর-নন্দীগ্রাম রোডের দুবলাগাড়ী চকপোতা আফজাল কারীর মিলের সামনে ট্রাক চাপায় আলম হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ী চকপোতা এলাকার এ দুর্ঘটনা ঘটে। তিনি কুসুম্বী ইউনিয়নের বাগড়া গ্রামের বাসিন্দা।
বাগমারা (রাজশাহী): বাগামায় চলন্ত মোটরসাইকেলের উপর গাছ পড়ে আরোহী রনজিত (২০) নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। রনজিত উপজেলার রনসিবাড়ি এলাকার রনজিত্ কুমারের পুত্র।
রাজাপুর (ঝালকাঠী): রাজাপুরের নৈকাঠি-ভান্ডারিয়া সড়কের আমতলা বাজার এলাকায় গতকাল টেম্পো উল্টে মানিন্দ্র বড়াল (৫৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ নিহতে স্ত্রী গুরুতর আহত হয়েছেন। মনিন্দ্র নাথ উপজেলার নৈকাঠি গ্রামের বাসিন্দা।
নকলা (শেরপুর): নকলা পৌরশহরের ঢাকা-শেরপুর মহাসড়কের হলপট্রি মোড়ে গতকাল প্রাইভেটকার মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখি সংঘর্ষে কমপক্ষে সাত জন আহত হয়েছেন।
