টঙ্গীতে ব্যবহূত রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিক্রি

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২২:১৯

মূল হোতা পালিয়েছে, আটক দুই

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

 করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে ব্যবহূত পুরাতন মাস্ক ও হ্যান্ড গ্লাভস চড়াদামে বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের দুই জনকে আটক করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ গতকাল বিকালে স্থানীয় চম্পাকলি সিনেমা হলের পেছনের একটি বস্তি বাড়িতে অভিযান চালিয়ে আহালিয়া ও ইমরান নামে দুই জনকে আটক করে। চক্রের মূলহোতা নাছির পালিয়ে গেছে। তবে এ সময় তার ঘর থেকে সাত বস্তা রক্তমাখা মাস্ক, দুই বস্তা সেলাইনের তার, দুই বস্তা হ্যান্ড গ্লাভস ও ছয় বোতল ক্যামিকেল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নাছির উত্তরা, টঙ্গী ও গাজীপুরের অধিকাংশ হাসপাতালের ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক মেয়াদ উত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে ইস্ত্রি করে আবার দ্বিগুণ মূল্যে বাজারে বিক্রি করে আসছে। তারা বলেন, গভীর রাত হলে নাছির বাইরে থেকে লোকজন এনে ব্যবহার করা মাস্ক ও গ্লাভস শ্যাম্পু দিয়ে পরিষ্কার করত। দিনের বেলায় মাস্ক ইস্ত্রি ও প্যাকেটজাত করে বাজারজাত করত। সে গত তিন মাস যাবত্ এমন ব্যবসা করে আসছে। টঙ্গী পূর্ব থানা ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।  ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে।