৪০ লাখ টাকা ঘুষ লেনদেন :মিজান ও বাছিরের বিচার শুরু

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০০:২৫

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের ডিআইজি মিজানুর রহমান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে আগামী ২৩ মার্চ এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও আসামিদের পক্ষে এহসানুল হক সমাজী ও সৈয়দ রেজাউর রহমান শুনানি করেন। এর আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে বিচারক আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনান। একইসঙ্গে তারা দোষী না নির্দোষ সেটা জানতে চান। তারা নিজেদের নির্দোষ দাবি করে অভিযোগ গঠনের দায় থেকে অব্যাহতি চান। আদালত এ আবেদন নাকচ করে দেয়।

দুদক পরিচালক খন্দকার এনামুল বাছির ২০১৮ সালের ২৯ অক্টোবর থেকে ডিআইজি মিজানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছিলেন। অনুসন্ধানকালে মিজান দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেতে বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেন। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তখন দুদক তদন্ত করে এর সত্যতা পায়। এরপরই দুই জনের বিরুদ্ধে ঘুষ লেনদেনের মামলা করে দুদক। গত ১৯ জানুয়ারি দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্ল্যা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।