ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০০:৩১

রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে বাসচাপায় জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত হওয়ার পরপরই তাকে উদ্ধার করে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত এএসআই জাহাঙ্গীর আলম কাফরুল থানায় কর্মরত ছিলেন।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ বলেন, ছিনতাইকারী দৌড়ে পালানোর সময় তাকে ধাওয়া করেছিলেন জাহাঙ্গীর আলম। তখনই এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক ও হেলপার।

কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) জাহানুর আলী বলেন, তালতলা এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর। সেখানে এক ব্যক্তির ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল ছিনতাইকারী। জাহাঙ্গীর তাকে ধরার উদ্দেশ্যে দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় আলিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনি মারাত্মক আহত হন। এরপর তাকে নেওয়া হয় হাসপাতালে।

কাফরুল থানার ডিউটি অফিসার এসআই লতিফ বলেন, দুর্ঘটনায় দায়ী বাসটির চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। সেই সঙ্গে পলাতক ছিনতাইকারীকে ধরতেও অভিযান শুরু হয়েছে।