ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণা গ্রেফতার ৩

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০০:৩২

বিভিন্ন ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে সিআইডি। তারা হলেন—পরিতোষ কুমার হালদার, তার স্ত্রী তিথী রায় ও তৌহিদুল ইসলাম। গত মঙ্গলবার রাজধানীর মতিঝিল থানার দিলকুশা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিআইডি বলছে, গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজশে সাউথ ইস্ট ও মার্কেন্টাইল ব্যাংকে সিনিয়র/জুনিয়র অফিসার পদে ৯ জনকে চাকরি দেওয়ার নামে নগদ ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ অ্যাপসের মাধ্যমে ৯০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।

সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের মতিঝিল ইউনিটের বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা জানান, চাকরিপ্রার্থী ৯ জনকে আসামিরা মতিঝিলে অবস্থিত সাউথ ইস্ট এবং মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয় ভবনের বিভিন্ন তলায় ভাইভা পরীক্ষা দিতে ডাকে। এসময় তিথী রায় নিজেকে অনিকের স্ত্রী হিসেবে পরিচয় দেয় এবং তার স্বামী অনিককে সাউথ ইস্ট ব্যাংকের এমডি বলে জানায়। ভাইভা শেষে ৯ প্রার্থীকে ভুয়া নিয়োগপত্র দেয়। পরে তারা প্রতারণার শিকার হয়েছেন বলে জানতে পারেন। এ বিষয়ে ভুক্তভোগীরা ৭ মার্চ মতিঝিল থানায় মামলা করে। মামলার তদন্তে আসামিদের নাম উঠে আসে।