করোনা নিয়ন্ত্রণে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হবে :অর্থমন্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০৩:৩০

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনা ভাইরাসের চিকিংসা কিংবা এর নিয়ন্ত্রণে যত টাকা প্রয়োজন হবে তা দিতে প্রস্তুত রয়েছে সরকার। প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি চীনের মতো বিশেষ হাসপাতাল তৈরির উদ্যোগ নেয়, তাতেও অর্থায়ন করা হবে। গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যে ভাইরাস নিয়ে সারা বিশ্ব বিপদে আছে, আমরা সেই ভাইরাস থেকে মুক্ত আছি বলতে পারব না। যাতে করে সংক্রমণ কম রাখা যায় সে কাজটি করতে হবে। আমাদের এখন অভিজ্ঞতা রয়েছে। চীন যখন শুরু করেছিল, তাদের অভিজ্ঞতা ছিল না। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। আমাদের আর্থিক সক্ষমতা রয়েছে। আমি বিশ্বাস করি, চীনের মতো কম সময়ের মধ্যে হাসপাতাল তৈরি করা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যন্ত্রপাতি বা লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো বিষয়ে অর্থায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী কখনো না করবেন না। আমরাও সকলভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাহায্য করব অর্থায়ন করে, যাতে তাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারে।’

করোনা ভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৫০ বিলিয়ন ডলার অর্থ বরাদ্দ করেছে। সেই টাকা বাংলাদেশ পাবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ টাকা দিলে আমরাও পাব। তাছাড়া অন্য উন্নয়ন সহযোগীরাও দেবে।’ কোনো আন্তর্জাতিক মহল থেকে সাহায্য-সহযোগিতা পেলে সেটি অবহিত করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: লাগবে পাঁচ কেজি কিনছে ২০ কেজি

গতকাল অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে একটি প্রস্তাব এবং ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সাতটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে, জি টু জি ভিত্তিতে বিদ্যমান, ৫০০ পিপিএম (০.০৫%)-এর পরিবর্তে ৫০ পিপিএম (০.০০৫%) সালফার মানমাত্রার প্রায় ১৭ লাখ ৫০ হাজার মেট্রিকটন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আরবান রেজিলিয়েন্স (ঢাকা উত্তর সিটি করপোরেশন অংশ) শীর্ষক প্রকল্পের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য ডিজিটাল রেডিও নেটওয়ার্ক স্থাপন ক্রয় প্রস্তাব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীন বার্থ অপারেটর (কার্গো) নিয়োগ, পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই ও পুনর্ভবা নদীর নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় প্যাকেজ-৪, লট-১-এর ড্রেজিং কার্যক্রম, প্যাকেজ-৫, লট-১ ও লট-৩-এর পৃথক ড্রেজিং কার্যক্রম, প্যাকেজ-৬-এর লট-৪ ও ৫-এর পৃথক ড্রেজিং কার্যক্রমের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ইত্তেফাক/বিএএফ