একদিন হরিণেরা

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৯:৪৭

 

এই উষ্ণ প্রেম দরোজা খুলে রাতদুপুরে বেরিয়ে পড়া—ভালো লাগে না আর। খুব ঝড় চাই প্রচণ্ড তুফান—সবকিছু উড়ে যাক, উড়ে যাক বসন্তের হাওয়া গগণবিদারী চিত্কার—নিরন্ন মানুষের, উড়ে যাক সংখ্যালঘুদের হা-হুতাশ, মারণাস্ত্র উড়ে যাক—এইভাবে সবকিছু উড়ে গিয়ে সৃষ্টি হোক সমাধিসৌধ এক আর আমরা গেয়ে উঠি—যন্ত্রদানবের কথা নয়, এবার কবিতায় মানুষের কথা বলো বৃক্ষ আর মহুয়া মদের কথা বলো। বলো—শেষ হতে হতে ফুরিয়ে যেতে যেতে কীভাবে প্রেমিকেরা একদিন মানচিত্রে রেখে যায় মহাপুরুষের তীব্র দাগ বলো এইভাবে বলো—একদিন হরিণেরা ছিঁড়ে-খুঁড়ে তাড়িয়ে তাড়িয়ে বাঘের মাংস খেতে খেতে করবে উত্সব বিচিত্র উদ্যাপন আর বইয়ে দেবে এক বনজ প্লাবন—ঘটাবে, ঘটিয়ে দেবেই প্রতিবাদ বিপ্লব বিবর্তনের এক বুনো ইতিহাস!