অনেক কেটেছি দাগ, থির হাওয়ার বুকে, বৃত্ত করে।
তোমার ব্যাকুলতায় মোটের ওপর পৃথিবী এঁকে—হেঁটে যাচ্ছে
কোনো এক কল্পিত রাজকুমার, মৌন ঋতুর ভেতর দিয়ে
পঁয়ত্রিশ মাইল, কেবল এই আয়োজন—ডুমুর ফুলের মতো;
তোমার কোমরে—সাপরেখা ব্যথার পাশে—শুয়ে থাকা
কালো বেড়ালি রাত মাঝেমধ্যে দেখি—হু হু কাতরাচ্ছে
যেকোনো নোঙর করা লোক কইয়া উঠিবে—তুমি বিচ্ছিন্নবাস
অথচ চেয়েছি, তোমার স্ত্রী ত্বকে সেঁটে দিতুম যেনবা
চাঁদভাঙা জ্যোত্স্নার নেবুঘ্রাণ—সব আয়োজন, সক্কল আয়োজন
