আত্মঘাতী স্বপ্ন

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৯:৪৯

 

একটু একটু করে বড়ো হতে থাকা স্বপ্নগুলো

আজ তার শাখা-প্রশাখা ছড়িয়ে

পরিপূর্ণ এক স্বপ্নালোকে পরিণত হয়েছে।

এ যেন ঘুমন্ত সত্তা থেকে সদ্য জন্ম নেওয়া মহাকাল!

অতীত নয় বর্তমান নতুবা ভবিষ্যত্

এ যেন অনন্তকালের যাত্রা!

এ যেন ষাট কি ত্তরোর্ধ্ব এক বৃদ্ধ পিতার রোদে পোড়া

জীর্ণ শরীর থেকে বেয়ে আসা রক্ত জল করা

স্ফটিকের মতো স্বচ্ছ ঘামের কণা।

স্বপ্ন, তুমি এত আত্মঘাতী হলে কেন?

তোমাকে দেখার অপরাধে এমন প্রায়শ্চিত্ত করতে হবে?

তোমার জন্য ভুলে গিয়েছিলাম প্রিয়তমার প্রেম!

দু চোখে শিহরণ নিয়ে যখন সে হাতটি ধরতে চেয়েছিল

আচমকা ঝড়ের বেগে তুমিই তো তাকে সরিয়ে দিলে!

এখন সে অনেক সুখে আছে।

ঢাকার রাজপথে আজ আমি বারুদের গন্ধ শুঁকি।

এ যেন ভালোবাসা বঞ্চিত এক অশরীরী।

গ্রহ নক্ষত্রের গতিবিধি আজ আর কোনো তোয়াক্কা করি না।

স্বপ্ন, তুমি আজ মিশে গেছ আমার অন্তরাত্মায়!