বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গড়ব দেশ

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৯:৫০

কচি-কাঁচার আসরের বন্ধুরা, তোমরা যারা স্কুল-কলেজে পড়ো—সবাই বঙ্গবন্ধু সম্পর্কে অবশ্যই অবগত আছ। বঙ্গবন্ধুর অসীম কীর্তির কথাও জানো নিশ্চয়ই। যিনি উনিশশো একাত্তর সালের সাতই মার্চে রেসকোর্স ময়দান থেকে তাঁর আগুনঝরা ভাষণে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাঁর আঙুলের ইশারায় এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাঙালি জাতি পৃথিবীর বুকে স্বাধীন জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আমাদের জন্য এনে দিয়েছিলেন লালা-সবুজের একটি পতাকা। যে পতাকা পৃথিবীর যেকোনো জায়গায় মাথার ওপর পতপত করে উড়তে দেখলে আমরা গর্বিত হই।

বাংলাদেশের স্বাধীনতার রূপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার শেষ নেই, ভবিষতে তোমরা আরো জানবে নিশ্চয়ই। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, বৈষম্যমুক্ত সাজানো গোছানো একটি সুন্দর দেশের জন্য যুদ্ধ করেছিলেন উনিশশো একাত্তর সালে। এ বছর আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি মহাআনন্দের সঙ্গে; আগামী বছর আমরা উদ্যাপন করব বঙ্গবন্ধুর নেতৃত্বে এনে দেওয়া স্বাধীন বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি। দুটোই আমাদের জন্য উত্সবের, গৌরবের, আনন্দের। এই উত্সব, আনন্দের সঙ্গে সঙ্গে আমাদের কিছু দায়িত্বও আছে। যে দায়িত্ব সঠিকভাবে পালন করলেই আমরা বাংলাদেশ নিয়ে গৌরব করতে পারব। বঙ্গবন্ধু অসাধারণ নেতৃত্বের মাধ্যমে তাঁর দায়িত্ব পালন করেছেন, মুক্তিযোদ্ধারাও প্রাণপন লড়াই করে তাঁদের দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে আমাদের স্বপ্নপূরণে ব্যাঘাত ঘটে। যে কারণে স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর হতে চললেও আমরা দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারিনি। দেশকে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত করতে পারিনি। পরিষ্কার-পরিচ্ছন্ন সাজানো-গোছানো বাংলাদেশ গড়ে তুলতে পারিনি।

এ বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তোমরা যারা এখনো শিক্ষার্থী তোমাদেরকে শপথ নিতে হবে—আগামীতে দুর্নীতিমুক্ত পরিকল্পিত সুন্দর একটি দেশ গড়ার। আজকে তোমরা যারা কিশোর, আগামীদিনে তোমরাই তো দেশ চালাবে, তোমরা দেশের কোনো না কোনো দায়িত্ব নেবে। তাই তোমাদের শপথ করতে হবে—‘যে যেখানে থাকব, যে পদে থাকব, কোনো দুর্নীতি করব না, অন্যকেও দুর্নীতি করতে দেবো না। আমাদের হাতে এদেশের প্রতিটা মানুষ নিরাপদ থাকবে। আমাদের দ্বারা কেউ অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হবে না। এদেশকে বিশ্বদরবারে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলব।’

তোমাদের হাতেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের প্রিয় বাংলাদেশ, আমাদের মাতৃভূমি, প্রাণপ্রিয় বাংলাদেশ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তোমাদের স্বপ্ন হোক উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গড়ব উন্নত বাংলাদেশ।