প্রকাশিত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনভিত্তিক দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংকলন ‘জননেত্রীর জয়যাত্রা’ খণ্ড ১: ১৯৮১-১৯৯০। গ্রন্থটি সম্পাদনা করেছেন আসিফ কবীর। গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশের পর থেকে ১৯৯০ পর্যন্ত তার রাজনৈতিক ও রাষ্ট্রীয় কার্যক্রমের সংবাদ সংকলিত হয়েছে এ গ্রন্থে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, কর্নেল সাজ্জাদ জহির বীর প্রতীক, সাবেক সচিব কবি কামাল চৌধুরী, সাবেক সচিব ও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, পাঠক সমাবেশের গ্রন্থ উপদেষ্টা ওয়াহিদুল হক এবং গ্রন্থের সম্পাদক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি আসিফ কবীর। বইটির ভূমিকা পাঠ করেন পান্থ রহমান।
সৈয়দ আবুল মকসুদ বলেন, বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে বাদ দিয়ে লেখা সম্ভব নয়। কবীর ইতিহাসের অসামান্য দলিলকে গ্রন্থ আকারে প্রকাশ করেছেন। গ্রন্থটি ইতিহাসের একটি আকর গ্রন্থ হিসেবে গণ্য হবে।
আ আ ম স আরেফীন সিদ্দিক বলেন, গ্রন্থে শেখ হাসিনার রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিক ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তার স্বপ্নকে তুলে আনা হয়েছে। ভবিষ্যতের গবেষকদের জন্য গ্রন্থটি গুরুত্বপূর্ণ হিসেবে সমাদর পাবে।
বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ইতিহাস-অর্জন-বিপর্যয় এবং সর্বোপরি জাতীয় জীবনে দলটির শীর্ষ নেতৃত্বের ভূমিকা এ বইয়ে উঠে এসেছে। সেইসঙ্গে এত প্রাচীন সংগঠনটি কেন দেশের অন্যান্য দলের মতো ক্ষয়িষ্ণু না হয়ে উত্তরোত্তর শক্তিশালী হয়েছে তাও এ বইয়ের দৈনন্দিন সংবাদের ভিত্তিতে স্পষ্ট হয়ে উঠেছে। আজকের আওয়ামী লীগ তার বিপর্যয়কর সময়ে এ রকম ছিল না। দলীয় প্রধানের দৃঢ়তা, আত্মবিশ্বাস ও অপরিসীম সাহস দলকে আজকের শক্ত ভিত্তির ওপরে স্থান করে দিয়েছে। ইতিহাসের সেই ধারাবাহিকতাও পাঠক খুঁজে পাবেন বইটিতে। গ্রন্থটির আরো দুটি খণ্ড খুব দ্রুত প্রকাশিত হবে যাতে ১৯৯১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সংকলিত হবে বলে জানান বইয়ের সম্পাদক আসিফ কবীর। বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ। ৪৬৮ পৃষ্ঠার বইটির দাম ৯৯৫ টাকা, ৪০ ডলার ও ২০ ইউরো।
