বিদেশ থেকে এসেই বিয়ে, ভেস্তে দিলো প্রশাসন

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২১:৩১

পাঁচদিন আগেই পর্তুগাল থেকে সাভারের পৌর এলাকায় এবং জার্মান থেকে আশুলিয়ার ধলপুরে ফিরেছেন প্রবাসী দুই যুবক। নিয়ম অনুযায়ী তাদের কোয়ারেন্টাইন থাকার কথা থাকলেও এমনটি হয়নি। দেশে ফিরেই তারা বসতে চলেছিলেন বিয়ের পিঁড়িতে। অবশেষে বাধসাধে প্রশাসন। বৃহস্পতিবার বিয়ে পিঁড়িতে বসতে চলা দুই যুবক এখন কোয়ারেন্টাইনে। 

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানান, প্রবাসী দুই যুবক কোয়ারেন্টাইনে না থেকে বিয়ে করতে চলেছিলেন। খবর পেয়ে তাদের কোয়ারেন্টাইন করা হয়েছে। সঙ্গে কোয়ারেন্টাইন করা হয়েছে আরও ২৮ জনকে। 

খোঁজ নিয়ে জানা যায়, বিয়ের বিষয়টি প্রশাসনকে জানায় সাভার ও আশুলিয়ার স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন ভেঙ্গে দিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়।  

এদিকে মানিকগঞ্জের সিঙ্গাইরের হোম কোয়ারেন্টাইন থেকে পালিয়ে সাভারে অবস্থান করছিলেন মা ও ছেলে। বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার একটি বাড়িতে অভিযান চালান সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। 

আরও পড়ুন: আলমডাঙ্গায় ইতালি ফেরত যুবকের শরীরে করোনা শনাক্ত

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গত ১৫ মার্চ মা ও ছেলে ভারত থেকে মানিকগঞ্জের সিংগাইরে নিজ বাড়িতে ফিরে আসেন। পরে সিংগাইর উপজেলা প্রশাসন হোম কোয়ারেন্টাইনে থাকতে বললে তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় অবস্থান নেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে ওই ভাড়া বাড়ি থেকে তারা আবারও পালিয়ে যায়। 

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ সায়েমুল হুদা জানিয়েছেন, সাভারে বিদেশ ফেরত মোট ২৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। 

অপরদিকে সাভার উপজেলার ব্যক্তি মালিকানাধীন সকল পার্ক, পর্যটন ও বিনোদন কেন্দ্র এবং দর্শনীয় স্থানসমূহ বন্ধের নির্দেশ দিয়েছে সাভার উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসি