করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদেশফেরতদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বিদেশফেরত সকলকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগে স্বরাষ্ট্র সচিবকে বলা হয়েছে। পাশাপাশি হাসপাতাল অথবা সরকার যেখানে ভালো মনে করবে সেখানে তাদের কোয়ারেন্টাইনে রেখে রেখে মানসম্মত খাদ্য ও চিকিত্সাসেবা নিশ্চিত করতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
এছাড়া বিদেশফেরতদের মেডিক্যাল চেক আপ/স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিদের চিকিত্সার বিষয়টি তদারকি করতে মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, বিদেশফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। আবেদনের পক্ষে আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম আর চৌধুরী। আইনজীবীরা বলেন, হাইকোর্ট আদেশে বলেছেন, বিদেশ থেকে যারা দেশে আসছেন তাদেরকে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
