পাকিস্তানের তাফতান সীমান্তে কোয়ারেন্টাইনে থাকা আক্রান্ত ১৩৪

আপডেট : ২০ মার্চ ২০২০, ০৭:৫২

ইরান থেকে ফেরার পথে পাকিস্তানে তাফতান সীমান্তের কোয়ারেন্টাইন ক্যাম্পে থাকার পর সেখান থেকে ছাড়া পাওয়া কমপক্ষে ১৩৪ জনের করোনা ভাইরাস ধরা পড়েছে। এই ঘটনা ওই ক্যাম্পের পরিবেশ এবং করোনা পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্নের মুখে ফেলেছে। বর্তমানে ওই ক্যাম্পে শত শত ইরান ফেরত পাকিস্তানি চরম অবহেলার মধ্যে কোয়ারেন্টাইনে আছেন। ইরানে বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ। ফলে ক্যাম্পে থাকা লোকদের পরিণতি নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরী হয়েছে স্বজনদের মাঝে। আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।

গত সোমবার পাকিস্তানে ১৮৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ১৩৪ জনই তাফতান সীমান্তের ওই ক্যাম্পে ছিলেন। সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র মিরান ইউসুফ জানান, ওই ক্যাম্প থেকে কোয়ারেন্টাইন শেষ করে ফেরার পর আমরা পরীক্ষা করে দেখতে পাই তাদের মধ্যে শতাধিক করোনা পজিটিভি রোগী।

তাফতান ক্যাম্পে বর্তমানে যারা আছেন তারা সেখানে থাকার অনুপযোগী ও নোংরা পরিবেশের অভিযোগ করেছেন। সেখানে এই ভাইরাস পরীক্ষা এবং অসুস্থ হয়ে পড়াদের জন্য পর্যাপ্ত চিকিত্সা সুবিধা নেই। স্থান স্বল্পতার কারণে একটি তাবুর মধ্যে পাঁচজন করে কোয়ারেন্টাইন করা হচ্ছে। ফলে একজন আক্রান্ত হলে বাকিরাও ওই ভাইরাসের সংস্পর্শে চলে আসছেন। সেখানে কোনো চিকিত্সকও উপস্থিত নেই বলে অভিযোগ উঠেছে। তাদের কোনো কম্বল কিংবা বিছানাও দেয়া হয়নি বলে কোয়ারেন্টাইনে থাকা একজন আল জাজিরার কাছে অভিযোগ করেছেন। তবে বালুচিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, যথাসাধ্য চেষ্টা চলছে তাদের সেবা দেয়ার।

ইত্তেফাক/আরকেজি