নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনভোগান্তি সৃষ্টি
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে কতিপয় অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনভোগান্তি সৃষ্টি করছে এমন অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকাল ৪টায় টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার হ্নীলা বাসস্টেশনে অভিযান চালিয়ে চড়ামূল্যে মাস্ক বিক্রি করায় এনাম স্টোর ২ হাজার টাকা, সাইফুদ্দিন স্টোর ৫ হাজার টাকা, অতিরিক্ত দামে সবজি বিক্রি করায় আড়তদার পারভেজকে ৫ হাজার ও সবজি ব্যবসায়ী নুরুল বশরকে ২ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়।
এছাড়া চালসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি করায় চালের দোকানদারসহ বেশ কয়েক জন ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়।
এ সময় হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এই ব্যাপারে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল মনসুর জানান, কোনো অসাধু মহলকে বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবে না। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।
