খুলনা অফিস
খুলনায় করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মো. মেরাজ আল সাদী (৩০) নামের এক যু্বককে গ্রেফতার করেছে র্যাব-৬। তার কাছ থেকে মোবাইল ফোন, মেমোরি ও সিমকার্ড এবং ফেসবুকে গুজব ছড়ানো সংক্রান্ত তথ্যের স্ক্রিনশটও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত সাদী খুলনা মহানগরীর খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ডের মুজগুন্নি আবাসিক এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। গতকাল শুক্রবার র্যাব-৬-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব-৬-এর সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রান্ত আপত্তিকর প্রচারণা এবং নানা উক্তি সংবলিত পোস্ট ফেসবুকে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং গুজব ছড়াচ্ছিল মেরাজ আল সাদী। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে খালিশপুরের মুজগুন্নি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি মেমোরি কার্ড এবং গুজব ছড়ানোর দুই কপি স্ক্রিনশট উদ্ধার করা হয়েছে। তাকে খালিশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
