ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
‘করোনা ভাইরাস’ সংক্রমণ এড়াতে দ্বীপজেলা ভোলায় বাইরের জেলার বাসিন্দাদের প্রবেশে নিরুত্সাহিত করে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এছাড়াও হোটেলে রাত্রিযাপন, সকল ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটন এলাকায় যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, নরসিংদী থেকে এক লোক ভোলা শহরতলির রতনপুরে শ্বশুরবাড়ি এসেছে। খবর পেয়ে ভোলা থানা থেকে পুলিশ শুক্রবার সে বাড়িতে গিয়ে জানতে পারেন শ্বশুরবাড়ির লোকজন তাকে তার বাড়ি পাঠিয়ে দিয়েছে।
কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বাইরের জেলার মানুষ ভোলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি প্রসঙ্গে এদিন দুপুরে জেলা প্রশাসক মাসুদ আলম জানান, আসলে আমরা করোনার সংক্রমণ ঠেকাতে বাইরের জেলার লোকজনকে ভোলায় আসতে নিরুত্সাহিত করতে তাদের আত্মীয়স্বজনকে অনুরোধ করেছি।
