স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএলের এ বছরের আয়োজন। কবে নতুন করে শুরু হবে, সেটাও কেউ জানে না। তবে এর মধ্যে আইপিএলের আয়োজকেরা একটা সুখবর পেলেন। এই সংকট কাটিয়ে আইপিএল মাঠে গড়ালেই খেলতে রাজি আছেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার।
কোভিড-১৯ নামে করোনা ভাইরাসে সৃষ্ট রোগ ইতিমধ্যে সারা পৃথিবীতে ১০ হাজারেরও বেশি মানুষের প্রাণ নিয়েছে। সারা পৃথিবীর মতো এই রোগ ছড়িয়ে পড়েছে ভারতেও। তাই ১৫ এপ্রিল পর্যন্ত অন্তত স্থগিত করা হয়েছে আইপিএল।
করোনা ভাইরাস সংক্রমণের কারণে অস্ট্রেলিয়া সরকার চতুর্থ মাত্রার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। এতে সেই দেশের কোনো মানুষ গুরুতর কোনো কারণ ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবে না।
তবে ওয়ার্নারের ম্যানেজার জেমস এর্সকাইন বলেছেন, আইপিএল শুরু হলে অস্ট্রেলিয়ান এই তারকা থাকবেন সেখানে, ‘আইপিএল যদি শুরু হয়, ডেভিড ওয়ার্নারের পরিকল্পনা হলো, সে যাবে। সবকিছু যদি নাটকীয়ভাবে পরিবর্তন হয়, যেটা আসলে বিশ্বে এক ঘণ্টাতেও ঘটতে পারে, তাহলে মনেরও পরিবর্তন হতে পারে। সে (ওয়ার্নার) অন্য মানুষের চেয়ে আলাদা কিছু নয়।’
এবারের আইপিএলে ১৭ জন অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে আইপিএলের দিন-তারিখ ঠিক হলে এবং বিশ্বব্যাপী পরিস্থিতির উন্নতি না হলে ক্রিকেট অস্ট্রেলিয়া এই খেলোয়াড়দের অনুমতি দেবে কি না, তা নিয়েও সন্দেহ আছে।
ওয়ার্নার ছাড়াও এবার আসরে বিভিন্ন দলে ছিলেন স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েলরা। ওয়ার্নারকে ২.৫ মিলিয়ন মার্কিন ডলারে দলে রেখেছিল হায়দরাবাদ সানরাইজার্স। আর স্মিথকে একই দামে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস।
