মাস্ক, স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করছে আওয়ামী লীগ

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:৪০

ইত্তেফাক রিপোর্ট

বিশ্বব্যাপী প্রাণঘাতী ‘করোনা ভাইরাস’ বিস্তার রোধ ও মানুষকে সচেতন করতে নানা ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। এর আগে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাদের করোনা ভাইরাস মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়ে বলেছেন, ‘কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতারাও নিজ নিজ এলাকায় কোভিড-১৯ মোকাবিলায় হ্যান্ডবিলসহ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান ও গ্লাভসসহ অন্যান্য সামগ্রী বিতরণ করবেন।’ এ নির্দেশনার পর রাজপথসহ বিভিন্ন অলিতে-গলিতে মাস্ক, স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিলি করছে সরকারি দলের নেতাকর্মী। গত ১৩ মার্চ সারাদেশে হ্যান্ডবিল বিতরণ উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের হাতে করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা তৈরির জন্য হ্যান্ডবিল তুলে দেন।

করোনা ভাইরাসের বিস্তার রোধ ও মানুষকে সচেতন করার লক্ষ্যে রাস্তায় নেমেছে বাংলাদেশ ছাত্রলীগ। রাজধানীর বিভিন্ন অলিতে-গলিতে মাস্ক, স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিলি করছে সংগঠনটি। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, শাহবাগ, ঢাকা কলেজ ও ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের সামনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে তারা। হাতে গ্লাভস মুখে মাস্ক লাগিয়ে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকেও দেখা গেছে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিতে।

?কেন্দ্রের নির্দেশে ছিন্নমূল-অসহায় এবং দারিদ্র্য মানুষের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার-মাস্ক বিতরণ করেন দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী। একই সঙ্গে পথচারী-এলাকার শ্রমজীবী মানুষের মধ্যে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে এ কার্যক্রম শুরু হয়। জুমা নামাজ শেষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে তবারকও বিতরণ করেন হ্যাপী। ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন। স্বল্পপরিসরে নেতাকর্মী নিয়ে বাদ জুমার নামাজ শেষে বিজয়নগরে মুসল্লিদের মধ্যে লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার-মাস্ক বিতরণ করা হয় সেগুনবাগিচায়। উত্তরা ও মোহাম্মদপুর এলাকায়ও একই কার্যক্রম চলে।