এনডিটিভি
ভারতের মুম্বাই ও মহারাষ্ট্রের আরো কয়েকটি শহরের সব অফিস বন্ধ রাখা হবে ৩১ মার্চ পর্যন্ত। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এ কথা জানিয়েছেন। বন্ধ থাকবে সব দোকানও। তবে অত্যাবশ্যক দ্রব্যের দোকানগুলো খোলা থাকবে। মহারাষ্ট্রের আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২। এই পরিস্থিতিতে মুম্বাই, পুনে, পিম্পরি চিনচাওয়াদ ও নাগপুরের সব অফিস বন্ধ রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উদ্ধব ঠাকরে আরো বলেন, কর্মীদের বেতন যেন না কেটে নেওয়া হয়। তিনি জানান, ‘সমস্যা আসবে চলে যাবে। কিন্তু নিজেদের মানবিকতাকে সরিয়ে রাখবেন না।’ তিনি আরো বলেন, যদি রাজ্যের বাসিন্দারা লোকাল ট্রেন ও বাসে ভিড় করা বন্ধ না করেন সেক্ষেত্রে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে শেষ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী আরো জানান, সরকারি দফতরগুলো ২৫ শতাংশ উপস্থিতিতে চালু থাকবে। উদ্ধব ঠাকরে বলেন, ‘অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে। এছাড়া বাকি কোনো পরিষেবা চালাতে গেলে সময়মতো সে বিষয়ে অবগত করতে হবে। মুদি, দুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাওয়া যাবে। অকারণে চলাফেরা করতে বারণ করা হচ্ছে নাগরিকদের।’ গত বৃহস্পতিবার মুম্বাইয়ের ডাব্বাওয়ালারা তাদের টিফিন সরবরাহ বন্ধ করে দেয়। করোনা রুখতে এভাবেই মরিয়া হয়ে উঠেছে মহারাষ্ট্র। রাজ্যের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড ঘোষণা করেছেন, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা হবে না। নবম ও একাদশ শ্রেণির পরীক্ষা ১৫ এপ্রিলের পরে হবে।
