জুমায় বিশেষ দোয়া দ্রুত সময়ে নামাজ শেষ

আপডেট : ২০ মার্চ ২০২০, ২২:০২

করোনা ভাইরাস থেকে পরিত্রাণ লাভের জন্য গতকাল শুক্রবার বায়তুল মোকাররমসহ সকল মসজিদে জুমার নামাজে বিশেষ মোনাজাতে আল্লাহর কাছে পানাহ চান মুসল্লিরা। ছোটো সুরা পড়ে দ্রুত সময়ে জুমার নামাজ শেষ করা হয়েছে বায়তুল মোকাররমে। বায়তুল মোকাররমে জুমার নামাজের ইমামতি করেন পেশ ইমাম মুফতি মোহাম্মদ এহসানুল হক। তিনি জুমার খুতবায় মুসল্লিদের সরকারের ঘোষিত স্বাস্থ?্য নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেন। তিনি বলেন, সংক্রমণ এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বেশি বেশি ইবাদত-বন্দেগি করুন। ইস্তেগফার পড়ুন। আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে। এছাড়া মুফতি মোহাম্মদ এহসানুল হক গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন।

অন্যান্য সময়ের তুলনায় গতকাল মসজিদে কম মুসল্লি দেখা গেছে। যারা এসেছেন তাদের মধ্যে অনেক মুসল্লিকে মাস্ক পরে মসজিদে প্রবেশ করতে দেখা গেছে।

এর আগে গতকাল সকালে বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন করোনা সংক্রমণ এড়াতে মুসল্লিদের বাসা থেকে অজু করে ও সুন্নত নামাজ পড়ে ফরজ জুমার নামাজ মসজিদে পড়তে আসার আহ্বান জানায়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা মহামারি আকার ধারণ করায় করোনা সংক্রমণ এড়াতে সরকারের পক্ষ থেকেও সব ধরনের জনসমাগম পরিহার করাসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যারা বিদেশফেরত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকতে পুনরায় অনুরোধ করা হলো।