কসবায় আইনমন্ত্রী আনিসুল হক এমপির নির্দেশে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করে দেন। এ সময় কনের বাবা পালিয়ে যান। মা জেসমিন আক্তারকে আটক করে থানায় নিয়ে আসেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার মো. কবির হোসেন কসবা পৌর সভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন। তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি ঐ মেয়েটির বিয়ে ঠিক করেন কুমিল্লা সিটি করপোরেশনের বাগিচাগাঁও এলাকার এক ব্যবসায়ীর ছেলের সঙ্গে। গতকাল শুক্রবার বিকালে তাদের বিয়ে হওয়ার কথা ছিল।
খবরটি এলাকার লোকজন স্থানীয় সংসদ সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হককে মুঠোফোনে অবহিত করেন। মন্ত্রী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম কনের বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় কনের বাবা মো. কবির হোসেন পুলিশসহ উপজেলা নির্বাহী অফিসারকে দেখে পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরপক্ষ বিয়েবাড়িতে না এসে ফিরে যায়। ভ্রাম্যমাণ আদালত এ সময় বিয়েটি বন্ধ করে দেন এবং কনের মা জেসমিন আক্তারকে আটক করে থানায় নিয়ে আসেন।
