নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা একে এম শামীম ওসমান বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর মতো নেতা হাজার বছরেও আর আসবে না কিন্তু আমরা মনে করি সেই বঙ্গবন্ধুর ভূমিকায় ইতিমধ্যেই উত্তীর্ণ হয়েছেন মানবতার মা শেখ হাসিনা। কারণ সামনে থেকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। আর আরেকজন নিয়েছেন বঙ্গমাতার ভূমিকা। যিনি তার বড়ো বোনের পাশে দাঁড়িয়েছেন। শুক্রবার নারায়ণগঞ্জ মাসদাইর কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি। এদিকে মুজিব বর্ষকে কেন্দ্র করে ৫ হাজার ২৭৫ বার পবিত্র কোরআন খতম করিয়ে ভিন্নধর্মী উদাহরণ সৃষ্টি করেছেন শামীম ওসমান। শামীম ওসমান জানান, কোনো কিছুর বিনিময় ছাড়াই স্বেচ্ছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে হাফেজ সাহেব ও এতিমরা ৫২৭৫ বার কোরআন খতম দিয়েছেন। এই খতমে কোরআন আল্লাহর নবীর নামে এবং বঙ্গবন্ধু ও তার পরিবার এবং সকল শহিদের নামে বখশে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। পাশাপাশি পৃথিবীব্যাপী যে মহামারির আক্রমণে মানব সম্প্রদায় আজকে কঠিন মুহূর্তে উপনীত হয়েছে সেখানে একমাত্র সৃষ্টিকর্তাকে স্মরণ ও তার কাছে ক্ষমা ভিক্ষা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তাই পবিত্র কোরআন খতম করানোকেই আমি সর্বোত্তম পন্থা বলে মনে করেছি।
শামীম ওসমান এসময় গণমাধ্যমকে বলেন, এই মসজিদের পাশেই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন আমার দাদা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য, ভাষা সৈনিক খান সাহেব ওসমান আলী, বঙ্গবন্ধুর সান্নিধ্য ও স্নেহ পাওয়া আমার মা ভাষা সৈনিক নাগিনা জোহা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক আমার বাবা একে এম সামুসজ্জোহা, যিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধুর পরিবারকে মুক্ত করতে গিয়ে গুলি খেয়েছিলেন। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন আমার বড়ো ভাই বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান, যিনি বিয়ের পরদিনই বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে প্রতিরোধ যুদ্ধে চলে গিয়েছিলেন। করোনা ইস্যুতে বাজার পরিস্থিতি নিয়ে শামীম ওসমান বলেন, এখন মজুতদারির সময় নয়, মানুষের পাশে দাঁড়ানোর সময়। যারা মূল্যবৃদ্ধি করে অর্থ কামাচ্ছেন তারাও তো এই মহামারিতে আক্রান্ত হতে পারেন।
