শ্বশুরবাড়ি বেড়াতে এসে কোয়ারেন্টাইনে জামাই 

আপডেট : ২১ মার্চ ২০২০, ১৯:২৯

শ্বশুরবাড়িতে বেড়াতে আসা এক এক প্রবাসী জামাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির আরও তিন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়।

৭ মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন শেখ সফিক ও তার স্ত্রী তিথি চৌধুরী। সতর্কতামূলক হোম কোয়ারেন্টাইনে না থেকে দুইদিন আগে স্ত্রীকে নিয়ে জেলার নাসিরনগর উপজেলা সদরে শ্বশুর বাড়িতে বেড়াতে যান সফিক। 

স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা ছুটে যান সেখানে। এরপর ওই প্রবাসী এবং তার স্ত্রীসহ পরিবারের আরও তিনজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। 

পুলিশ পরিদর্শক কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই প্রবাসী ও তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তারা। তবে তাদের দুইজনের সঙ্গে শ্বশুর-শাশুড়ি ও গৃহপরিচারিকাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ