করোনার বিষয়ে জানতে ও জানাতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান বা আইইডিসিআরকে ‘১০৬৫৫’ শর্টকোড বরাদ্দ দিয়েছে বিটিআরসি। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিকে এই শর্টকোড দেওয়া হয়।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুততম সময়ে এই শর্টকোড বরাদ্দ দেওয়া হয়েছে। সপ্তাহখানেক আগে এর জন্য আবেদন করেছিল আইইডিসিআর। বিটিআরসি কোনো ফি ছাড়াই এটি বরাদ্দ দিয়ে দিয়েছে।
শর্টকোডে ফোন করে করোনা নিয়ে আইইডিসিআরের সেবা পাওয়া যাবে। করোনা আক্রান্তের লক্ষণ দেখলে পরীক্ষার জন্য জানানোসহ এই বিষয়ে যে কোনো অভিযোগ ও সমস্যার বিষয়ে জানানো যাবে। এই শর্টকোডে কল করতে প্রতি মিনিট ৪৫ পয়সা চার্জ রয়েছে।
