করোনার প্রভাব
ইত্তেফাক ডেস্ক
করোনা ভাইরাস আতঙ্কে বাজারে নিত্যপণ্য কেনার হিড়িক পড়েছে। এ আতঙ্ককে কাজে লাগিয়ে ও গুজব ছড়িয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করেছে। বিভিন্ন স্থানে জরিমানা করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে করোনা ভাইরাসের আতঙ্কে বাজারে চালসহ নিত্যপণ্য কেনার হিড়িক পড়েছে। চাল, চিনি ও ভোজ্যতেলের দাম মান ভেদে কেজিপ্রতি দাম বেড়েছে পাঁচ টাকা থেকে ১২ টাকা পর্যন্ত। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ জানান, বাজার মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়েছে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি : ঝিনাইদহে পেঁয়াজের বাজার অস্থির হয়ে পড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস জানান, পেঁয়াজের দাম কমে ফের বেড়ে গেছে। শনিবার শৈলকুপায় সাপ্তাহিক হাট থেকে মূল্যবৃদ্ধির খবর জানা গেছে।
খুলনা : খুলনায় অত্যধিক মূল্যে পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে এ জরিমানা করা হয় বলে ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান।
ভোলা (দক্ষিণ) : করোনা ভাইরাসকে কেন্দ্র করে ভোলা জেলার সদর, দৌলতখান, লালমোহন ও মনপুরা উপজেলায় চাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে শনিবার ২৬ ব্যবসায়ীকে ৪ লাখ ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
কিশোরগঞ্জ : শুক্রবার রাতে শহরের বড়বাজার ও কাচারি বাজারের পাঁচ অসাধু প্রতিষ্ঠানের মালিককে ৭২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিকুল ইসলাম এই জরিমানা করেন।
মাদারীপুর : ছয় আড়তদারকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুদ্দিন গিয়াস শনিবার অভিযান চালিয়ে মস্তফাপুর বাজারে এই জরিমানা আদায় করেন।
লালমনিরহাট : বিভিন্ন হাটবাজারে চালের দাম কেজিপ্রতি ৮-১০ টাকা বেড়ে গেছে। এ নিয়ে জেলা প্রশাসক আবু জাফর জানান, অসাধু ব্যবসায়ীদের কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। বাজার নিয়ন্ত্রণে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : শনিবার সকালে হাতিয়া উপজেলার তমরদ্দি বাজারে বিভিন্ন ব্যবসায়ীকে অতিরিক্ত মূল্যে চাল, পেঁয়াজসহ নিত্যপণ্য সামগ্রী বিক্রি করায় ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।
গৌরীপুর (ময়মনসিংহ) : অধিক মূল্যে বিক্রির কারণে শুক্রবার চার প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ জরিমানা করেন।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) : শনিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত ব্যবসাপ্রতিষ্ঠানে ৩২ হাজার টাকা জরিমানা আদায়সহ একটি খাবার রেস্তোরাঁ সিলগালা করা হয়েছে। ইউএনও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম জরিমানা করেন।
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা : ১২ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর বাজার ও গাজীরটেক ইউনিয়নের চর হাজিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা।
জয়পুরহাট প্রতিনিধি : শনিবার সকালে বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র রায়। এতে জরিমানা আদায় করা হয় ১২ হাজার ৫০০ টাকা।
মনপুরা (ভোলা) : অভিযান চালিয়ে দুই বাজারের ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।
ধোবাউড়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় করোনা ভাইরাসের অযুহাতে সদর বাজারসহ সব হাটবাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট।
শেরপুর (বগুড়া) : উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখের নেতৃত্বে ছয় জনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন বাজারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী) : শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় গোয়ালন্দ বাজারে। এ সময় পণ্যের মূল্য বেশি নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
ছাগলনাইয়া (ফেনী) : পৌর শহরের জমদ্দার বাজারে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের এ অভিযান পরিচালনা করেন।
স্বরূপকাঠি (পিরোজপুর) : চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ঐ আদালত পরিচালনা করেন।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) : অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ঘাঘর বাজারের আট ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নিকলী (কিশোরগঞ্জ) : শুক্রবার বিকালে মূল্য বেশি রাখার অপরাধে ১৪ ব্যবসায়ীকে ১ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
