নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়ি থেকে দুই শতাধিক দেশীয় অস্ত্র টেঁটা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল কায়সারের সমর্থক সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের বাড়ি থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ টেঁটা উদ্ধার করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি এম রুহুল আমিন রিমন জানান, গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে পৌনে ৮টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের দলরদী গ্রামে অভিযান চালিয়ে সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের বাড়ি থেকে দুই শতাধিক টেঁটা উদ্ধার করা হয়। এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এ বিষয়ে সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেন, এ বিষয়টি প্রশাসনের সাজানো নাটক। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হিসেবে আমাকে ঘায়েল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।
