সাভারে বন বিভাগের উচ্ছেদ অভিযান আটক ১

আপডেট : ২১ মার্চ ২০২০, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

সাভারের ছোট কালিয়াকৈর মৌজায় বনের জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। গতকাল ঢাকা বন বিভাগের গাজীপুর কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলামের নেতৃত্বে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃতের নাম মো. রমজান আলী পাঠান। তিনি ঢাকার মিরপুরের ৮১ নম্বর পূর্ব আহম্মদ নগর এলাকার আবুল খায়ের পাঠানের পুত্র।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম জানান, সাভারের ছোট কালিয়াকৈর মৌজায় ১৬১ সি.এস দাগে বনের জমি দখল চেষ্টার অভিযোগ পেয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় দেওয়াল উঠিয়ে বন বিভাগের জমি দখলকারী রমজানকে হাতেনাতে আটক করা হয়। তৈরি করা বাউন্ডারির দেওয়াল ভেঙে দিয়ে বনের জমি উদ্ধার করা হয়েছে। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বন মামলা (পিওআর) দায়ের করা হয়েছে।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ ইউছুপ জানান, ‘সাভারের ছোট কালিয়াকৈর মৌজায় ভূমি সংস্কার বোর্ডের অধীন কোর্ট অব ওয়ার্ডস, ঢাকা নওয়াব এস্টেট বনভূমি লিজ প্রদান করা হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে বিস্তীর্ণ বনভূমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। তবে বনভূমি রক্ষায় নিয়মিত নজরদারির পাশাপাশি উচ্ছেদ অভিযান চালাচ্ছে বন বিভাগ।