করোনা ভাইরাসের ঝুঁকির কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি বাতিল করেছে সরকার। একই সঙ্গে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন একথা জানিয়েছেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাতে কোভিড-১৯ পরিস্থিতি এবং এই মহামারি মোকাবিলায় দেশটির প্রস্তুতি এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিশ্বব্যাপী কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর প্রাদুর্ভাবের কারণে স্বাধীনতা দিবসের বড়ো ধরনের সব অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণেই এ বছর ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গভবনে বিশিষ্টজনকে অভ্যর্থনা এবং স্বাধীনতা দিবসের পদক বিতরণ অনুষ্ঠান হবে না।
সংসদের বিশেষ অধিবেশন স্থগিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অধিবেশন স্থগিতের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়ার পর তা রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় ছিল। গতকাল শনিবার বেলা ২টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিষয়টি অনুমোদন দিয়েছেন।
মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় সংসদের ২২ ও ২৪ মার্চ দুই বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি।
