রাজধানীতে খুচরা ও পাইকারি বাজারে পণ্যের দাম ঠিক রাখতে একযোগে একাধিক ভ্রাম্যমাণ আদালত চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় পণ্যের দাম বেশি রাখায় বিভিন্ন দোকানিকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার অঞ্চল-৪-এর আওতাধীন দুটি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ আদালত পরিচালনা করেন অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ। এ সময় মূল্যতালিকা না থাকায় ও বেশি মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে এক দোকানিকে জরিমানা করা হয়।
অন্যদিকে মিরপুর-১১ নম্বর বাজার, পল্লবীর মসলিন বাজার এবং মিরপুর-১ নম্বর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন। অন্যদিকে কাওরান বাজার ও তেজগাঁও নাখালপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত। এ সময় চাল, পেঁয়াজ, আদা-রসুন, আলু ও কাঁচাবাজার এলাকায় পণ্য বেশি দামে বিক্রি করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এছাড়া তেজগাঁও নাখালপাড়া এলাকার সমিতির বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করা ও ট্রেড লাইসেন্স না থাকায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
