উত্তরখানে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আপডেট : ২১ মার্চ ২০২০, ২২:৪৩

রাজধানীর উত্তরখান এলাকায় পুলিশের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম মো. মনিরুজ্জামান (৫০)। তবে পুলিশের দাবি, ঐ ব্যক্তিকে পুলিশ মারধর করেনি। আসামি ধরতে পুলিশ বাড়িতে গেলে ঐ ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েন। পরে তার স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উত্তরখান থানাধীন চামুরখান এলাকার একটি বাড়িতে অপহরণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আসামি ধরতে যায় পুলিশের একটি দল। এ সময় মনিরুজ্জামানের মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের ভাই জাকির হোসেন অভিযোগ করে জানান, পুলিশ আমাদের বাড়িতে আসামি ধরতে যায়। এ সময় তারা আমার ভাইকে মারধর করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন জানান, একটি মামলার আসামি ধরতে চামুরখান এলাকায় যায় পুলিশ। তখন পুলিশের ভয়ে মনিরুজ্জামান নামে এক ব্যক্তি অজ্ঞান হয়ে যান। পরে তার স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। তিনি আরো জানান, পুলিশকে বিপদে ফেলার জন্য নিহতের স্বজনেরা পুলিশের বিরুদ্ধে পিটিয়ে হত্যার  অভিযোগ করেছেন। পুলিশ যদি ঐ ব্যক্তিকে মারধর করে তাহলে ময়নাতদন্ত রিপোর্টে পাওয়া যাবে। এ বিষয়ে আমাদের স্বচ্ছতা রয়েছে। ঐ ব্যবসায়ীকে পুলিশ মারধর করেনি।