বিএসএমএমইউ হাসপাতালে চিকিত্সাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করেও অনুমতি পাচ্ছে না তার পরিবার। তার ভাই শামীম ইস্কান্দার গত ১৮ মার্চ কারা কর্তৃপক্ষের কাছে আবেদনে জরুরি ভিত্তিতে সাক্ষাতের অনুমতি চান। এর আগে চলতি মাসে সাত তারিখে পরিবারের সদস্যরা দেখা করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে—গতকাল শনিবার পর্যন্ত সাক্ষাতের অনুমিত পাননি তারা। সাক্ষাতের জন্য আবেদনে নাম উল্লেখ করা হয়েছে ছোটো ভাই শামীম ইস্কান্দারসহ তার স্ত্রী কানিজ ফাতেমা, বড়ো বোন সেলিমা ইসলাম, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাতিজা বউ রাইসা ইসলাম ও তার দুই মাসের শিশুসন্তান লিলি ইসলাম।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, কোরোনা ভাইরাসের কারণে বেগম জিয়ার পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
