সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনির তালাবদ্ধ কক্ষ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারী পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার তৈয়বপুর এলাকার একটি বাড়ির কক্ষ থেকে ঐ নারী শ্রমিকের মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে নিহতের স্বামী পরিচয় দানকারী শরিফুল ইসলাম পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি পুলিশ। নিহত নারী শ্রমিকের নাম শাহিনা খাতুন (২৫)। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চরসাদীপুর গ্রামের নওশাদ আলীর মেয়ে। তিনি আশুলিয়ার জিরাব এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন।
