নির্ভয়ে ভোট দিতে চায় সংখ্যালঘু সম্প্রদায়

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকলেও কোথাও কোথাও হামলার ঘটনা ঘটছে। গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিব বরাবর লিখিত এক অভিযোগে নির্যাতন ও হামলার বিষয়ে অবহিত করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা-নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানায় সংগঠনটি। একই সঙ্গে নির্বাচনের দিন ও পরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় ঐক্য পরিষদ।

ফেনীর সোনাগাজী, ঠাকুরগাঁও সদর ও আরো কয়েকটি জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলা করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়। এসব ঘটনায় পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে বলেও কমিশনকে অবহিত করে ঐক্য পরিষদ। এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। এসব ঘটনা ২০০১ ও ২০১৪ সালের মতো বিএনপি-জামায়াতের তাণ্ডবের মতো আতঙ্ক তৈরি করেছে বলেও মন্তব্য তাদের। নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে ও সংখ্যালঘু সম্প্রদায়ের মনে আস্থা ফিরিয়ে আনতে কমিশনকে অনুরোধ জানানো হয়। পাশাপাশি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ২৬টি ঝুঁকিপূর্ণ ও ৫৩টি অতি ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকার কথা জানিয়ে এসব এলাকায় জিরো টলারেন্স নীতি কার্যকরের দাবি জানায় ঐক্য পরিষদ।