করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ভারত সরকার আজ “জনতা কারফিউ” জারি করেছে। ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই কারফিউ।
হিলি বন্দরের সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর জেরে ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র বন্ধসহ জনসমাগম অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে। আজ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত “জনতা কারফিউ” জারি করা হয়। যেহেতু সকাল থেকে এই কারফিউ চলছে, তাই ভারতের ব্যবসায়িরা একদিনের জন্য হোম কোয়ারেন্টিনে অবস্থান করছে। একারণে সেখানে জনজীবন স্থবির হয়ে পড়ায় বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. সেকেন্দার আলী জানান, আজ ভারতে “জনতা কারফিউ” জারি থাকায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই চেকপোস্ট দিয়ে সেসব যাত্রীরা আসা-যাওয়া করেনি।
ইত্তেফাক/আরকেজি
