কোয়ারেন্টাইনে যা করবেন

আপডেট : ২২ মার্চ ২০২০, ১৯:২৭

n বাড়ির অন্য সদস্যদের থেকে আলাদা থাকা ও আলো-বাতাসের ব্যবস্থাসম্পন্ন ঘরে থাকতে হবে। তা সম্ভব না হলে অন্যদের থেকে অন্তত ৩ ফুট দূরে থাকতে হবে (ঘুমানোর জন্য আলাদা বিছানা ব্যবহার করতে হবে)। কোনো অতিথির সঙ্গে দেখা করা যাবে না।

 

n কোয়ারেন্টাইনে থাকা শিশুকে সঠিকভাবে বোঝাতে হবে। তাদের পর্যাপ্ত খেলার সামগ্রী দিতে হবে। খেলার আগে ও পরে খেলনাগুলো জীবাণুমুক্ত করতে হবে।

 

n কোয়ারেন্টাইনে কোনো পশুপাখি রাখা যাবে না। ব্যক্তিগত জিনিসপত্র ভাগাভাগি করা যাবে না। বিশেষ করে আপনার খাওয়ার থালা, গ্লাস, কাপ, তোয়ালে, বিছানার চাদর অন্য কেউ যাতে ব্যবহার না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এসব জিনিসপত্র ব্যবহারের পর সাবান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে।

 

n সম্ভব হলে পৃথক গোসলখানা এবং শৌচাগার ব্যবহার করতে হবে। সম্ভব না হলে ওই স্থানগুলোতে জানালা খুলে রেখে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা করতে হবে। অন্যদের সঙ্গে ব্যবহার করতে হয় এমন স্থানের সংখ্যা কমাতে হবে।

n বুকের দুধ খাওয়ান এমন মা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন। শিশুর কাছে যাওয়ার সময় মাস্ক পরতে হবে এবং ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে।

প্রয়োজনে বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক পরে থাকার সময় এটি হাত দিয়ে ধরা যাবে না। মাস্ক ব্যবহারের সময় সর্দি, থুতু, কাশি, বমি ইত্যাদির সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে মাস্ক খুলে নতুন মাস্ক ব্যবহার করতে হবে। ব্যবহূত মাস্ক ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে।

 

n কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির ব্যবহূত বা তার পরিচর্যায় ব্যবহূত মাস্ক, গ্লাভস, টিস্যু ইত্যাদি অথবা অন্য আবর্জনা ওই ঘরে রাখা ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলতে হবে। এসব আবর্জনা উন্মুক্ত স্থানে না ফেলে পুড়িয়ে ফেলতে হবে।

 

n প্রতিদিন অন্তত একবার ঘরের মেঝে, আসবাবপত্র, শৌচাগার ও বাথরুম পরিষ্কার করতে হবে। পরিষ্কারের জন্য ১ লিটার পানির মধ্যে ২০ গ্রাম (২ টেবিল চামচ পরিমাণ) ব্লিচিং পাউডার মিশিয়ে সব স্থান ভালোভাবে মুছে ফেলতে হবে। সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত এ পানি ব্যবহার করা যাবে।

 

n কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিকে নিজের কাপড়, বিছানার চাদর, তোয়ালে ইত্যাদি গুঁড়া সাবান বা কাপড় কাঁচার সাবান ও পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। কাপড় ভালোভাবে শুকাতে হবে। নোংরা কাপড় একটি লন্ডি ব্যাগে আলাদা রাখতে হবে। মলমূত্র বা নোংরা কাপড় ঝাঁকানো যাবে না এবং নিজের শরীর বা কাপড়ে যেন না লাগে সেদিকে খেয়াল করতে হবে।

 

n বইপড়া, গান শোনা, সিনেমা দেখা অথবা ওপরের নিয়মগুলোর পরিপন্থী নয় এমন যেকোনো বিনোদনমূলক কাজে যুক্ত হওয়া যাবে।

 

n কোয়ারেন্টাইনের সময় ফোন, ইন্টারনেটের সাহায্যে যোগাযোগ রাখতে হবে।

 

n কোয়ারেন্টাইনে থাকার সময় কোনো উপসর্গ যেমন ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিলে দ্রুত ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করে পরবর্তী করণীয় জেনে নিতে হবে।

 

n পরিবারের কোনো সুস্থ সদস্য, অর্থাত্ যাদের দীর্ঘমেয়াদি রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, অ্যাজমা ইত্যাদি নেই এমন একজন ব্যক্তি পরিচর্যাকারী হিসেবে নিয়োজিত হতে পারেন। তিনি ওই ঘরে বা পাশের ঘরে থাকবেন। পরিচর্যাকারী খালি হাতে ওই ঘরের কোনোকিছু স্পর্শ করবেন না।

 

সূত্র:স্বাস্থ্য অধিদপ্তর