স্পোর্টস ডেস্ক
ব্যাটসম্যান কিংবা অধিনায়ক—কোনো ভাবেই সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না বিরাট কোহলির। সর্বশেষ গেল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা। অধিনায়ক কোহলি ব্যাট হাতেও ছিলেন ব্যর্থ। চার ইনিংসে তার রান-২, ১৯ আর ৩, ১৪। হারিয়েছেন টেস্ট ব্যাটসম্যান র্যাংকিংয়ের এক নম্বর স্থানটি।
তারপরও, এই কোহলিকেই সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে মানছেন নিউজিল্যান্ডের মিশেল ম্যাকক্লেনাগান। সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ব্র্যাড হগও মনে করেন বিরাট কোহলিই সেরা।
অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ নাকি বিরাট কোহলি, কে সেরা? আধুনিক ক্রিকেটে এ নিয়ে বিতর্ক চলে হরহামেশাই। এখানেই কোহলিই এগিয়ে রাখছেন
ম্যাকক্লেনাগান।
করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। এই সময়ে ক্রিকেটাররাও এখন সেলফ কোয়ারেন্টাইনে আছেন। নিউজিল্যান্ডের ক্রিকেটার মিশেল ম্যাকক্লেনাগানও স্বেচ্ছায় নিজেকে বন্দি রেখেছেন।
কোয়ারেন্টাইনের একঘেয়েমি দূর করার জন্য এই ফাস্ট বোলার টুইটারে ভক্তদের প্রশ্নের উত্তর দেন। যেখানে স্মিথ ও কোহলির মধ্যে কে সেরা এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় ৩১ বছর বয়সি এ বাঁহাতি পেসারকে। নির্দিষ্ট করে কাউকে সেরা না বললেও এক কথায় নিজের মতামত জানান ম্যাকক্লেনাগান।
বর্তমান ক্রিকেটে কোহলি একমাত্র ক্রিকেটার যার তিন ফরম্যাটে রানের গড় পঞ্চাশেরও বেশি। ৮৬ টেস্টে তার রান ৭২৪০। ওয়ানডেতে সবচেয়ে সফল কোহলি ২৪৮ ম্যাচ খেলে করে ফেলেছেন ১১৮৬৭ রান। টি-টোয়েন্টিতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৫০ গড়ে ৮২ ম্যাচে করেছেন ২৭৯৪ রান। পরিসংখ্যান বলে সময়ের সেরা ক্রিকেটার কোহলিই। ম্যাক্লেনাগানও সে সুরে মত মিলিয়েছেন। কোহলিকে নিয়ে এ কিউই পেসার বলেন, ‘অন্য সব সেরার মতো, কোহলিও সর্বকালের সেরা। তার পরিসংখ্যানও সে কথা বলে।’
স্মিথকে সেরা না বললেও অনন্য এক ক্রিকেটার বলে মত দিয়েছেন কিউই ম্যাক্লেনাগান। ওয়ানডেতে ৪২ গড়ে ৪১৬২ রান করা স্মিথ টি-টোয়েন্টিতে এখনো নিজেকে দুর্দান্ত করতে পারেননি। ২৯ টি-টোয়েন্টিতে ২৯ গড়ে রান মাত্র ৬৮১।
তবে সাদা পোশাকে বর্তমান সময়ের সবাইকে পেছনে ফেলেছেন স্মিথ। প্রায় ৬৩ গড়ে ৭৩ টেস্টে করেছেন ৭২২৭ রান। স্মিথকে এক শব্দে ব্যাখ্যা করে ম্যাক্লেনাগান বলেন, ‘স্মিথ অবশ্যই অনন্য, তবে ওর চেয়ে কোহলি এগিয়ে।’
এদিকে, অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ব্র্যাড হগকে টুইটারে সমর্থকরা প্রশ্ন করেছেন যে—এ বি ডি ভিলিয়র্স আর বিরাট কোহলির মধ্যে কে বর্তমান সময়ে সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান? এই প্রশ্নের জবাবে ব্র্যাড হগ এগিয়ে রেখেছেন কোহলিকেই।
