বরিশাল অফিস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা ১০০ মুক্তিযোদ্ধার বাড়িতে বাড়িতে গিয়ে সম্মাননা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান নিজ কার্যালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম জানান, বেশ কয়েক বছর ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের প্রাক্কালে দশ জন করে মোট ২০ জন বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে পরিদর্শনসহ তাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি, পোশাক এবং বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় এবার মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে ১০০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হবে। যাদের সম্মাননা জানানো হবে তাদের মধ্যে ৬৫ জন বরিশাল নগরীর এবং ৩৫ জন বরিশাল সদর উপজেলার বাসিন্দা।
